ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করেছেন সাংবাদিক নিধি রাজদানকে। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে তাঁরা এই সুখবরটি সবার সামনে জানান।

৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁদের দুজনের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ এই পোস্টে তিনি নিধি রাজদানকে ট্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি রাজদান ওমর আবদুল্লাহকে ট্যাগ করে উত্তর দেন, ‘ইটস ডান ব্রো।’ এই মন্তব্যের মাধ্যমেই তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিয়ের বিষয়ে অবগত সূত্রগুলো জানিয়েছে, এই বিশেষ আয়োজনটি ছিল অত্যন্ত ঘরোয়া। শ্রীনগরে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ এবং তাঁর তিন বোনসহ অন্যান্য নিকটাত্মীয়রা। এছাড়া নিধি রাজদানের বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর প্রাক্তন স্ত্রী হলেন পায়েল আবদুল্লাহ। তাঁদের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের টানাপোড়েন এক পর্যায়ে আইনি লড়াইয়ে রূপ নেয় এবং বিষয়টি আদালতে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে আলাদা থাকার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন জানান। অবশেষে গত জুলাই মাসে ভারতের সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদনটি আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, দিল্লির দ্য ওবেরয় হোটেলে কর্মরত থাকাকালীন ওমর আবদুল্লাহ ও পায়েলের পরিচয় হয়। এরপর ১৯৯৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে, যাদের নাম জাহির ও জামির।

জানা গেছে, ২০০৯ সাল থেকেই এই দম্পতি আলাদা জীবনযাপন করছিলেন। তবে ২০১১ সালে ওমর আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাঁদের আলাদা থাকার বিষয়টি জনসমক্ষে জানান।