বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে একটি সুষ্ঠু তদন্ত পরিচালনা করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব দাবি উত্থাপন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে এই মৃত্যু ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে জামায়াতের এই শীর্ষ নেতা উল্লেখ করেন যে, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। তিনি স্পষ্ট করে বলেন, “রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও তীব্র সমালোচনা করে বলেন, “যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি হাস্যকর।”

তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ কী, কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পেছনে কারও কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি তিনি আহ্বান জানান, তদন্ত প্রক্রিয়ায় যদি কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।