গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এবং দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আকস্মিক আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল জাবির এই সড়ক দুর্ঘটনার শিকার হন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ঠিক এই একই স্থানে এক সড়ক দুর্ঘটনায় মিল্লাত মাদ্রাসার আরেক শিক্ষার্থী ইয়াসিন আলী প্রাণ হারিয়েছিলেন। সেই মর্মান্তিক ঘটনার পর জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রশাসক এবং পুলিশ কমিশনার ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এক সপ্তাহের মধ্যেই এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। নিরাপদ সড়ক পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। পূর্বের দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু এবং আজকের ঘটনায় আরেক শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় তাদের দাবিতে রাজপথে নেমে আসেন।

বিক্ষোভকারী শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, তারা আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা দেখতে রাজি নন। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়কে নিরাপদ পারাপার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই পরিস্থিতি সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।”