ফরাসি প্রখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের জীবন এবার ফুটে উঠবে তাঁর চারপাশের নারীদের দৃষ্টিভঙ্গিতে। ব্রিটিশ-তুর্কি লেখিকা এলিফ শাফাকের নতুন উপন্যাস ‘ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটারনিটিতে’ উঠে এসেছে এই বিশেষ আখ্যান। চলতি মাসের ১৫ তারিখে যুক্তরাজ্যের ভাইকিং প্রকাশনী থেকে মোট ৬০৮ পৃষ্ঠার এই বিশাল গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

বিশ্ব সাহিত্যের আঙিনায় এলিফ শাফাক অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি নাম। বিশেষ করে বাংলাদেশে তাঁর এক বিশাল পাঠকগোষ্ঠী রয়েছে, যারা অত্যন্ত আগ্রহের সাথে তাঁর প্রতিটি নতুন সৃষ্টির অপেক্ষা করেন। মূলত ‘ফরটি রুলস অব লাভ’ বইটির মাধ্যমেই অধিকাংশ পাঠক তাঁর সাথে পরিচিত হয়েছেন এবং তাঁকে মনে রেখেছেন। তবে এর বাইরেও তাঁর লেখা আরও অনেক দুর্দান্ত বই রয়েছে। তাই শাফাকের এই নতুন উপন্যাসটি নিয়েও পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা ছিল।

এই উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন গুস্তাভ ফ্লবেয়ার, তবে গল্পের বুননটি এমনভাবে করা হয়েছে যে এখানে তাঁর জীবনের সাথে যুক্ত বিভিন্ন নারী চরিত্রের বয়ান প্রাধান্য পেয়েছে। বাস্তব জীবনের চরিত্রগুলোর পাশাপাশি কিছু কাল্পনিক চরিত্রের দৃষ্টিভঙ্গির মাধ্যমে এলিফ শাফাক পুরো কাহিনীকে এগিয়ে নিয়ে গেছেন। উপন্যাসের ভৌগোলিক পরিধি উনিশ শতকের ফ্রান্স থেকে শুরু হয়ে বিস্তৃত হয়েছে ইস্তাম্বুল, কায়রো, ফিলিস্তিন এবং বৈরুত পর্যন্ত। বইটিতে ফ্লবেয়ারের শৈশব, তাঁর লেখালেখির জগৎ এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার সময়ে শিল্প সৃষ্টির যে সংগ্রাম, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে শাফাক এই বইটিকে সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসার চিঠি বলেছেন।

উল্লেখ্য যে, ‘দ্য ফর্টি রুলস অব লাভ’, ‘দ্য আইল্যান্ড অব মিসিং ট্রিজ’ এবং ‘দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই’–এর মতো জনপ্রিয় বইয়ের লেখক শাফাক এর আগেও ইতিহাস, স্মৃতি এবং সমাজের উপেক্ষিত মানুষের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। তাঁর লেখা ‘টেন মিনিটস থার্টি এইট সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড’ উপন্যাসটি ২০১৯ সালে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল।