স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণ প্রান্তে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। দ্রুত গতির দুটি ট্রেনের মধ্যে এই মারাত্মক সংঘর্ষের ফলে আরও অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত থাকলেও নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “৩৯৭ জন যাত্রী নিয়ে আসা দ্রুত গতির একটি ট্রেন উর্দা এলাকার কাছে দাঁড়িয়ে থাকা আরেকটি উচ্চ গতির ট্রেনকে ধাক্কা দেয়।” জানা গেছে, যে ট্রেনটি দাঁড়িয়ে ছিল, তাতে একটি শিশুসহ মোট ১৪৭ জন যাত্রী অবস্থান করছিলেন।
সংঘর্ষের তীব্রতায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের উদ্ধারে জরুরি তৎপরতা চালানো হচ্ছে।
আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় এবং আহতদের জীবন বাঁচাতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া সাধারণ মানুষের কাছে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন।