মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য আগ্রহী কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হতে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, এই নির্দিষ্ট তারিখের আগে কোনো প্রকার মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা খুব শীঘ্রই সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এমতাবস্থায়, কর্মীদের অনুরোধ করা হয়েছে যেন তারা নিয়মিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখেন। উল্লেখ্য যে, সরকারি নির্দেশনা পরিপালন এবং সক্ষমতার মানদণ্ডের ওপর ভিত্তি করে কিছু মেডিকেল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে পারে অথবা নতুন কোনো সেন্টার যুক্ত হতে পারে।
কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং সেই অনুযায়ী ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য কোনো প্রক্রিয়াকরণ করা হবে না।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। মন্ত্রণালয়ের নজরে এসেছে যে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর প্রলোভন দেখিয়ে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহের চেষ্টা করছে। কর্মীদের প্রতি অনুরোধ করা হচ্ছে যেন তারা এ ধরনের প্রলোভনমূলক প্রস্তাবে সাড়া না দেন এবং যথাযথ অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেন।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
সরকারি এই নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ম ভঙ্গকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত করার পাশাপাশি মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।
যদি কোনো কর্মী অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কোনো অনিয়মের তথ্য জানতে পারেন, তবে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রয়োজনীয় প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে (ইমেইল [email protected] )।
কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি অব্যাহত রাখবে। সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করা হচ্ছে।
জনস্বার্থে সরকারি এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।