জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য চলাচলের প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ সেবার উদ্যোগ নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। এখন থেকে শারীরিক প্রতিবন্ধকতা থাকা যেকোনো দর্শনার্থী জাদুঘর পরিদর্শনের সময় বিনামূল্যে হুইলচেয়ার ব্যবহারের সুবিধা পাবেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে এই সেবাটি চালু করা হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থার ফলে দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই সরাসরি হুইলচেয়ার সেবা গ্রহণ করতে পারবেন। যদি কোনো দর্শনার্থীর সঙ্গে তার পরিবারের সদস্য বা স্বজন উপস্থিত থাকেন, তবে তারা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে সম্পূর্ণ জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন। তবে কোনো বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী যদি একা জাদুঘরে আসেন, তবে তাকে পুরো প্রদর্শনী ঘুরে দেখানো এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।

পাশাপাশি, হুইলচেয়ার ব্যবহারকারী দর্শনার্থীদের জন্য যেন জাদুঘরের অবকাঠামো এবং প্রদর্শনী কক্ষগুলো সম্পূর্ণ বাধাহীন ও নির্বিঘ্ন হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিশেষ উদ্যোগের বিষয়ে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, ‘জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানার এবং জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই আমরা এই বিশেষ সেবা যুক্ত করেছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘স্বজনদের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকেরাও প্রস্তুত থাকবেন, যাতে যে কোনো দর্শনার্থী কোনো ধরনের ভোগান্তি ছাড়া পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন। আমরা জুলাই জাদুঘরকে সবার জন্য পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’