বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে রাজধানী ঢাকা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসার।

মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল এলাকা থেকে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। মিছিলটি প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করে। এরপর শোভাযাত্রাটি নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এই কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ওমর ফারুক কাউসার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন ও দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে যুবদল রাজপথে সদা প্রস্তুত। নেতাকর্মীদের ত্যাগ ও তিতীক্ষাকে পাথেয় করে ভবিষ্যতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল হিসেবে গড়ে তোলা হবে।”

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ কর্মসূচিতে জবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিকরুল হাসান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন ও আহসান হাবীব উপস্থিত ছিলেন। এছাড়া পল্টন থানা যুবদলের পারভেজ, আবদুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ ও শামীম হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই আয়োজনে অংশ নেন।