ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে একদল নেতাকর্মীর শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লার ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি প্রচার করা হয়।
প্রায় এক মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লা দাঁড়িয়ে তার সামনে উপস্থিত নেতাকর্মীদের শপথ পাঠ করাচ্ছেন। ভিডিওতে ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে এই শপথ গ্রহণ করতে দেখা গেছে।
শপথ অনুষ্ঠানের সময় তাদের বলতে শোনা যায়, “আমরা মহান আল্লাহর নামে শপথ করিতেছি যে, জঙ্গি জামাত-বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ-জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা ও গায়েবি মামলার সমুচিত জবাব দিব। গরিব-দুঃখী মেহনতী মানুষকে সাথে নিয়ে হারানো গৌরবকে ফিরিয়ে আনব। আমাদের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান ভাইয়ের নেতৃত্বে জাগ্রত বিবেকবান দেশপ্রেমিকদের ঐক্য গড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে শেখ হাসিনার নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব।” ভিডিওর শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে শপথ অনুষ্ঠানটি শেষ হতে শোনা যায়। তবে এই শপথ অনুষ্ঠানটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি তারা দেখেছেন। তিনি আরও বলেন, “কোথায় এই শপথ হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া শপথে কারা কারা অংশ নিয়েছিলেন, তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।”