বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে বিআরটিএর কার্যক্রমের মধ্যে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে দুদকের এক দল ওই কার্যালয়ে প্রবেশ করে অভিযানটি পরিচালনা করে। অভিযানে কর্মকর্তারা বিআরটিএ কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন নথি এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন।

দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে তাঁর সাথে উপস্থিত ছিলেন দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল এবং শ্যামল চন্দ্র সেন।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার জানান, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিআরটিএ কার্যালয়ের বেশকিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। নথিপত্র পর্যালোচনা শেষে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”