গত রোববার হাইব্রিড প্ল্যাটফর্মে জিপিএইচ ইস্পাতের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এই সভায় গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে স্পনসর ও পরিচালকদের অন্তর্ভুক্ত করা হয়নি। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। এছাড়া সভায় পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. আব্দুল আহাদ, মো. আজিজুল হক, সাদমান সাইকা সেফা, সালেহীন মুশফিক সাদাফ ও সায়হাম সাদিক পিয়াল। স্বতন্ত্র পরিচালক হিসেবে সভায় অংশ নেন শফিউল আলম খান চৌধুরী ও রেজিনা পারভীন।

সভায় আরও উপস্থিত ছিলেন গ্রুপ সিইও মো. মোক্তার হোসেন তালুকদার, গ্রুপ সিএফও এইচ এম আশরাফুজ্জামান, সিএফও মো. আতিকুর রহমান চৌধুরী এবং কোম্পানি সচিব মো. মোশাররফ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সভায় জিপিএইচ ইস্পাতের গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। পাশাপাশি এমডি পদে আগামী পাঁচ বছরের জন্য মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুনর্নিয়োগ করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র পরিচালক পদে তিন বছরের জন্য রেজিনা পারভীনের নতুন নিয়োগ এবং শফিউল আলম খান চৌধুরীর পুনর্নিয়োগ অনুমোদিত হয়েছে।

সভার স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেন, “দেশের অবকাঠামোগত উন্নয়ন, নগরায়ণ, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারের ফলে দীর্ঘ মেয়াদে মানসম্পন্ন ইস্পাত পণ্যের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।”