জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তার সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক এবং যৌথ সংবাদ সম্মেলনের পর এই মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। এই বিশেষ আয়োজনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ ও জাপানের মধ্যে নির্ধারিত শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিশেষ আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উক্ত শীর্ষ বৈঠকে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগের পরিধি সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও তারা মতবিনিময় করেন।

এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান সানায়ে তাকাইচি। এই সময়ে জাপানের সশস্ত্র বাহিনীর একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনা পর্ব শেষ হয়।

এরপর দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন এবং পরবর্তীতে তারা শীর্ষ বৈঠকে বসেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে টোকিওতে পৌঁছান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

সফরকালীন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হবেন।

সফরের প্রথম দিনে তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক পৃথক বৈঠক সম্পন্ন করেন।