কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এই ন্যনতক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিকলী থানা পুলিশ। আজ সোমবার শিশুটির মা থানায় ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আটক ব্যক্তির নাম আঙুর মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি এলাকার একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় শিশুটির মা ঢাকায় অবস্থান করছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে শিশুটি তার এক সহপাঠীর সাথে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়লে শিশুটি তার বাবা এসেছেন ভেবে দরজা খুলে দেয়। সেই সুযোগে প্রতিবেশী আঙুর মিয়া (৬০) শিশুটির মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে নিজের ঘরে চলে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ধর্ষণের সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আঙুর মিয়াকে ধরে ফেলেন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।

এই বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, “ঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।”