দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামের নোয়াখালীর এক যুবক প্রাণ হারিয়েছেন।

গত রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন রুবেল। সেখানে তিনি তার ফুফাতো ভাইয়ের পরিচালিত একটি দোকানে কর্মরত ছিলেন। রোববার রাতে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং এক বৃদ্ধা মাকে রেখে গেছেন।

রুবেলের এই অকালমৃত্যুর খবরে তার পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়া স্বজনেরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এই বিষয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানান, “বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন।” তিনি আরও জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।