লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়া একটি বাঘের আক্রমণে নারীসহ তিন ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাঘটি যেন ধানখেত বা লোকালয় থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য চারপাশ ঘিরে রাখার অনুরোধ জানিয়েছেন বিজিবি সদস্যরা।

ঘটনাটি ঘটেছে রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারের নিকটবর্তী এলাকায়।

আহত হয়েছেন আমঝোল গ্রামের বাসিন্দা শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম (৪৫) এবং আফসার আলী (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শরিফা বেগম তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে ধানখেতে পৌঁছালে দেখেন সীমান্তের কাছাকাছি একটি বাঘ ছাগলটিকে আক্রমণ করছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে বাঘটি তাকে লক্ষ্য করে ধাওয়া করে এবং আক্রমণ করে। শরিফা বেগমের আর্তচিৎ শুনে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তবে বাঘটি তাদের ওপরও চড়াও হয়, যার ফলে একে একে তিনজন ব্যক্তি আহত হন। পরবর্তীতে স্থানীয়দের ধাওয়া এবং টহলরত বিজিবি সদস্যদের দুই রাউন্ড ফাঁকা গুলি করার পর বাঘটি ধানক্ষেতের ভেতর লুকিয়ে পড়ে।

সন্ধ্যায় বিজিবি সদস্যরা মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সতর্ক করছেন। বাঘটিকে নিরাপদে ধরতে বা পুনরায় ফেরত পাঠাতে ধানখেতসহ চারপাশ ঘিরে রাখতে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। মাইকিংয়ে বলা হয়, “আপনারা ঘিরে রাখেন, বাঘ যেন চলে যেতে না পারে”।

আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তকণ্ঠকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

অন্যদিকে, বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা একটি বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।