বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হচ্ছেন ফাহমিদা মজিদ ঊষা। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সম্প্রতি পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩টিতে দলীয় মনোনয়ন পাচ্ছেন তিনি।

বিএনপির একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল সূত্র মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষার বাবা এম এ মজিদ একসময় ঢাকা সিটি করপোরেশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্র থেকে জানা গেছে যে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ওই সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়ে পড়ে। এই শূন্য আসনে একজন ত্যাগী, সক্রিয় এবং তরুণ নেতৃত্বকে ফিরিয়ে আনার বিষয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনার প্রেক্ষিতে এবং সার্বিক দিক বিবেচনা করে সাবেক ছাত্রনেত্রী ফাহমিদা মজিদ ঊষার নামই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।