নারী উদ্যোক্তাদের অর্জিত সাফল্য উদ্যাপন, পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা এবং দেশীয় পণ্যের ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্য নিয়ে পালিত হলো ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি।
গত শুক্রবার রাজধানীর বনশ্রীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘পঞ্চমীর আলোয় অনন্যা-উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’ শীর্ষক এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি এবং শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং জনপ্রিয় অভিনয়শিল্পী ও লেখক ফারজানা ছবি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থাপক ও অভিনয়শিল্পী ফেরদৌস আরা বন্যা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও সংগীতশিল্পী সৈয়দা আফসানা রুমকি, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম (পেটুক সাহেব), মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কনসালট্যান্ট অ্যাডভোকেট রিসালাতুন্নাহার রিনা এবং আশরাফুননেছা মেবিনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নারী উদ্যোক্তাদের কেন্দ্র করে এমন সৃজনশীল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন সংসদ সদস্য সেলিনা সুলতানা। তিনি ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি ‘খ তে খাঁটি পরিবার’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অন্যদিকে, সালেহা বিনতে সিরাজ নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা বলেন এবং ব্যবসায়িক সাফল্যের জন্য তাদের প্রতি শুভকামনা জানান।
দিনব্যাপী এই কর্মসূচিতে নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রির জন্য বিশেষ স্টল স্থাপন করা হয়েছিল। অনুষ্ঠানে সফল উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক যাত্রার অভিজ্ঞতা, সাফল্য অর্জনের পেছনে দীর্ঘ সংগ্রাম, অধ্যবসায় এবং বাস্তব অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন।
আয়োজনটিকে আরও প্রাণবন্ত করতে ছিল র্যাফল ড্র, ইনডোর গেম, মাসকটের উপস্থিতি এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া উদ্যোক্তাদের নিজস্ব পণ্য ও পোশাক নিয়ে অনুষ্ঠিত হয় একটি আকর্ষণীয় র্যাম্প শো। পুরো আয়োজনটির আইসক্রিম পার্টনার হিসেবে ছিল ইগলু।