অসদাচরণ এবং পলায়নের গুরুতর অভিযোগে পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এই শাস্তির আওতায় আনা হয়েছে।
গত রোববার (২৫ অক্টোবর) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে কানাডায় অবস্থানরত পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ (Misconduct) ও ‘পলায়নের’ (Desertion) অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বিভাগীয় তদন্তের পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে মনে করা হয়েছে।
এর প্রেক্ষিতে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী ড. তানিয়া আনসারীকে ১০ মে, ২০২৫ তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।