হেফাজতে ইসলামের নেতৃত্বে সম্প্রতি গঠিত সমমনা ইসলামি দল দীর্ঘস্থায়ী হবে না বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। মূলত দুটি বিশেষ কারণে এই জোটটি ভেঙে পড়বে বলে তিনি মনে করেন।
মুক্তকণ্ঠের একজন প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি তার এই বিশ্লেষণ তুলে ধরেন। মুফতি ফখরুল ইসলামের মতে, এই সমমনা ইসলামি দল গঠনের পেছনে প্রথম কারণ হলো ১১ দলীয় জোটকে ভেঙে সরকার সমর্থিত ‘বি টিমে’ পরিণত করা। দ্বিতীয়ত, এই জোটের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কোনো ঐক্যকে দীর্ঘস্থায়ী হতে দেয়নি। ফলে তারা আগে একসঙ্গে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।
অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন ১১ দলীয় ঐক্য গঠিত হয়েছিল, তখনই তিনি সতর্ক করেছিলেন যে এই জোট টিকবে না। সেই সময়ে তাকে প্রশ্ন করা হয়েছিল কেন এই জোট ব্যর্থ হবে। তার উত্তরে তিনি বলেছিলেন, “এখানে ইসলামী আন্দোলন আছে। তারা থাকলে কোনো জোটই বেশি দিন টিকে না।”
হেফাজতের এই জোট গঠনের প্রকৃত উদ্দেশ্য নিয়েও তীব্র প্রশ্ন তুলেছেন মুফতি ফখরুল ইসলাম। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, “সমমনা ইসলামি দল সরকারদলীয় চক্রান্তের অংশ। ১১ দল ভাঙতে এ জোট করা হয়েছে। এটি হেফাজতকে সরকারদলীয় প্ল্যাটফর্মে পরিণত করার নতুন ষড়যন্ত্র।”
উল্লেখ্য যে, কওমি ঘরানার সাতটি দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চলতি বছরের ১৬ জুলাই সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের নিয়ে একটি বৈঠক আহ্বান করেছিলেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। এরপর বেশ কয়েকটি ধারাবাহিক বৈঠকের পর গত ২২ অক্টোবর সাতটি দল সমমনা ইসলামি দলের ব্যানারে একত্রে কাজ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।