নীলফামারী সদর উপজেলার কচুকাটায় আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এক অভাবনীয় দৃশ্য দেখা গেছে। সেখানে একই মঞ্চে পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় স্থানীয় নেতারা।

শনিবার (২৪ অক্টোবর) কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাজনৈতিক মতাদর্শের চরম বিপরীত হওয়া নেতাদের এমন এক মঞ্চে উপস্থিতির বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

‘লাখ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শীর্ষক এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী বার কাউন্সিলের জিপি এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট আবু মো. সোয়েম। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, কচুকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আবু তাহের, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু হানিফ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুকাটা ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল হাই।

এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সন্তোষ কুমার রায়।

এই ব্যতিক্রমী আয়োজন প্রসঙ্গে কচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও কচুকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মুক্তকণ্ঠকে বলেন, “কে কোন দল করে সেটি আমার দেখার সময় না। উনি ক্লাবের সদস্য এটি বড় কথা। আওয়ামী লীগ হলে কী ক্লাবের সদস্য হতে পারবে না। আমরা নিরপেক্ষ ক্লাব বানিয়েছি।”

অন্যদিকে, নীলফামারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সন্তোষ কুমার রায়ের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও নীলফামারী বার কাউন্সিলের জিপি অ্যাডভোকেট আবু মো. সোয়েম মুক্তকণ্ঠকে জানান, “আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আমাকে জেলার যে কোন খেলায় দাওয়াত দিলে আমাকে যেতে হবে। সেখানে খেলা কমিটির কাকে দাওয়াত দিয়েছে সেটি তো আমি খুজতে যাবো না সেটি খেলা কমিটির বিষয়।”