একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মত প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তব্যের এক পর্যায়ে নুরুল ইসলাম বলেন, ‘ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার সম্মুখসারির কারিগর হতে হবে।’

দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার বর্তমান সীমাবদ্ধতা ও সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। নুরুল ইসলাম বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিজ নেই, গবেষণাগার নেই। নেই পর্যাপ্ত ইকুইপমেন্ট। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল সেক্টরের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগও নেই।’

ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং কারিগরি শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নেন ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব, ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, এলজিইডি এর সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান এবং ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি।

এছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন তাদের বক্তব্য প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি।