বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেট’ সম্মাননা অর্জন করেছে। মূলত বাংলাদেশে সার্ভার ব্যবসায় অসামান্য দক্ষতা প্রদর্শন এবং উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাফল্যের কথা জানিয়েছে।
গত বুধবার থাইল্যান্ডের ফুকেটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে সম্মাননাটি তুলে দেন ডেল টেকনোলজিসের ইমার্জিং মার্কেটস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক চিন ওয়াহ মাক এবং প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট বিভাগের জ্যেষ্ঠ পরিচালক লুকাস সল্টার। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী এবং ডেল বাংলাদেশের চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ।
পুরস্কার প্রাপ্তির পর অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এই স্বীকৃতি ক্রেতা, অংশীদার এবং নিবেদিতপ্রাণ কর্মীদের; যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।”
বর্তমান সময়ে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক আইটি অবকাঠামোর প্রয়োজনীয়তা ও ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে এন্টারপ্রাইজ সার্ভার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেল টেকনোলজিসের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী উন্নত এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন প্রদানের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে।