সাভারের আমিনবাজার ল্যান্ডফিল স্টেশনের ময়লার ভাগাড়ের কাজে ব্যবহৃত এক্সাভেটরের তেল চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪০টি কনটেইনারে থাকা প্রায় ৮০০ লিটার তেলসহ একটি ডাম্প ট্রাক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের কাছের একটি চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হাসান।
তিনি বলেন, আটক ব্যক্তির নাম আল আমিন বলে জানা গেছে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনে চুক্তিভিত্তিক চালক হিসেবে কাজ করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই তেল চুরির সাথে ল্যান্ডফিলের দায়িত্বে থাকা গেটম্যান ও আনসার সদস্যরা জড়িত থাকতে পারে।
এ বিষয়ে আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকির আল হাসান জানান, আটককৃত ড্রাইভার আল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেটম্যান থাকা সত্ত্বেও কীভাবে বেরিয়ে গেল সেটাই জানার চেষ্টা করছি। তদন্ত শেষ হলে জানা যাবে, তার সঙ্গে আর কারা জড়িত।