কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক রঞ্জু মিয়ার বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় তার চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি গরু মারা গেছে। এছাড়া আরও দুটি গরু ও তিনটি ভেড়া দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, আগুনে ধান, কৃষিযন্ত্র এবং আসবাবপত্র পুড়ে তার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কৃষকের পুড়ে যাওয়া বসতবাড়ির কিছু ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের খইখাওয়ার কুটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের লেলিহানিতে বাড়ির চারটি ঘরসহ ছয় হর্সপাওয়ারের একটি শ্যালো মেশিন, তিন হর্সপাওয়ারের একটি পাম্প, ১০ মণ ধান এবং ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। গোয়ালঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং আরও দুটি গরু ও তিনটি ভেড়া দগ্ধ হয়।

বিপর্যস্ত কৃষক রঞ্জু মিয়া বলেন, “আগু‌নে গরু-ভেড়া, শ্যালো মেশিন, পাম্পসহ কিছুই রক্ষা করতে পারিনি। আগুন নেভাতে গি‌য়ে আমি নি‌জে আহত হ‌য়ে‌ছি। বর্তমা‌নে আমি নিঃস্ব। ছেলে-মেয়ে নিয়ে কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।”

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুর রাজ্জাক মণ্ডল মুক্তকণ্ঠকে বলেন, “খবর পে‌য়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গি‌য়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”