ভিডিও নির্মাতাদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এল ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)। প্ল্যাটফর্মে মানসম্পন্ন ভিডিওর সংখ্যা বাড়াতে এবং নির্মাতাদের উৎসাহিত করতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামের একটি নতুন কর্মসূচি চালু করেছে প্রতিষ্ঠানটি। এই বিশেষ উদ্যোগের আওতায় আগামী ৩০ দিনের মধ্যে ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে) পুরস্কার হিসেবে পাওয়া যাবে। তবে এই সুবিধা সবার জন্য নয়; এক্স জানিয়েছে, বর্তমানে নির্বাচিত কিছু ভিডিও নির্মাতাদের জন্য পরীক্ষামূলকভাবে এই কর্মসূচিটি চালু করা হয়েছে।

এক্স-এর দেওয়া তথ্যানুযায়ী, প্ল্যাটফর্মে উচ্চমানের ভিডিও কনটেন্ট প্রকাশে নির্মাতাদের অনুপ্রাণিত করাই এই নতুন কর্মসূচির মূল লক্ষ্য। সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানের মনিটাইজেশন প্রোগ্রামে আয়ের পরিমাণ নির্ধারিত হয় ভিডিওর দর্শকসংখ্যা বা ভিউ-এর ওপর ভিত্তি করে। কিন্তু ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ কর্মসূচির ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। এখানে নির্দিষ্ট শর্তগুলো পূরণ করলেই নির্ধারিত অর্থ পাওয়া যাবে, অর্থাৎ অর্থ পাওয়ার জন্য ভিডিওতে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক পাওয়ার বাধ্যবাধকতা নেই।

এই বোনাস পেতে আগ্রহী নির্মাতাদের ভিন্ন ভিন্ন দিনে কমপক্ষে ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। নিয়ম অনুযায়ী, একই দিনে একাধিক ভিডিও পোস্ট করলে তা গণনার আওতায় আসবে না। ভিডিওগুলো অবশ্যই ভার্টিক্যাল বা খাড়াভাবে ধারণ করা হতে হবে এবং প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য তিন মিনিটের কম হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কনটেন্টগুলো হতে হবে সম্পূর্ণ মৌলিক। নির্মাতারা চাইলে তাদের তৈরি অন্য প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওগুলো এক্সে পোস্ট করতে পারবেন, তবে শর্ত থাকে যে সেই ভিডিওগুলোতে অন্য কোনো প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকা চলবে না। এছাড়া অন্যের তৈরি করা ভিডিও পুনরায় পোস্ট করলে এই বোনাস পাওয়া যাবে না।

উল্লেখ্য যে, এক্সের এই ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। শুধুমাত্র যাদের এক্স থেকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে, তারাই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মানদণ্ড বা যোগ্যতার কথা এখন পর্যন্ত প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি। যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, এক্সের প্রচলিত ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচির সঙ্গে এই ভিডিও কিকস্টার্ট বোনাসের বেশ কিছু পার্থক্য রয়েছে। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস পেতে ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকা, সর্বনিম্ন ৫০০ জন ভেরিফায়েড অনুসারী থাকা এবং নির্দিষ্টসংখ্যক ইমপ্রেশন পাওয়ার মতো বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হয়। কিন্তু ভিডিও কিকস্টার্ট বোনাসের ক্ষেত্রে এই শর্তগুলো বাধ্যতামূলক করা হয়নি। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই কর্মসূচিটি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ভিডিও নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত কথা বলেনি এক্স।