সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত দাপ্তরিক নির্দেশনায় স্বাক্ষর করেছেন উপসচিব শারমিন ইয়াসমিন।

মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছুসংখ্যক কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য নন। কিন্তু তা সত্ত্বেও তারা তাদের অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ব্যতীত কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা প্রদর্শনের বিধান রয়েছে। তবে দেখা যাচ্ছে যে, কিছু কিছু অফিসে সার্বক্ষণিকভাবে জাতীয় পতাকা ঝুলিয়ে রাখা হচ্ছে, যা বিধিমালার পরিপন্থী।

এর পাশাপাশি নির্দেশনায় জানানো হয়েছে, সঠিক আকার, অনুপাত ও রং বজায় না রেখে জাতীয় পতাকাকে অফিস কক্ষের অভ্যন্তরে সজ্জা, অলংকরণ বা ব্যক্তিগত অথবা দাপ্তরিক পটভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এর প্রত্যক্ষ লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

এমতাবস্থায়, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। সেই সঙ্গে অধীনস্থ দপ্তর ও সাংবিধানিক বা স্বশাসিত সংস্থাকে এই বিষয়ে যথাযথ নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।