ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে প্রযুক্তি জায়ান্ট মেটাকে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একজন বিচারক। বুধবার এই আদেশ দেওয়া হয়। বড় কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ জরিমানার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে, যখন নিউ মেক্সিকো কর্তৃপক্ষ মেটার বিরুদ্ধে মামলা দায়ের করে। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের একটি বিতর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওই মামলায় অভিযোগ করা হয় যে, ফেসবুকের বিভিন্ন নীতি এবং ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা ও ব্যবহারের বিষয়ে মেটা প্রতিষ্ঠানটি বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছে।
দুই সপ্তাহব্যাপী শুনানির পর গত মাসে সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মেটার বিরুদ্ধে এই আদেশ প্রদান করেন। বিচারক উল্লেখ করেন, মেটা নিউ মেক্সিকোর ভোক্তা অধিকার সুরক্ষা আইন অন্তত ৪ কোটি ৩০ লাখ বার লঙ্ঘন করেছে।
প্রচলিত আইন অনুযায়ী, প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এই আইনি কাঠামোর ওপর ভিত্তি করেই সান্তা ফে স্টেট ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ফ্রান্সিস জে ম্যাথিউ বুধবার মেটাকে এই ঐতিহাসিক অংকের জরিমানা দেওয়ার নির্দেশ দেন।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার জন্য আদালতের এই সিদ্ধান্ত একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এসব প্ল্যাটফর্মের কারণে ব্যবহারকারীদের ক্ষতি হয়েছে—এমন অভিযোগের মুখে একের পর এক মামলায় হেরে বর্তমানে চরম চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ এবং সাধারণ ব্যবহারকারীরা মেটার বিরুদ্ধে হাজারো মামলা করেছেন। এসব মামলায় মূলত ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি বাড়ানো, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার এবং গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে মেটার বিরুদ্ধে এই আইনি লড়াইয়ে নিউ মেক্সিকো নেতৃত্ব দিচ্ছে এবং বেশ উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করেছে।
এর আগে শিশু ও কিশোরদের ক্ষতি করার অভিযোগে আলাদা একটি মামলায় গত আগস্টে নিউ মেক্সিকোর এক বিচারক মেটাকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেন। উল্লেখ্য, গত মার্চেও একই মামলায় মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।