ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের শূন্য নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ পদে একজন যোগ্য প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

পদের নাম: নির্বাহী পরিচালক (টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা:
ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। উল্লেখ্য যে, শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রয়োজনীয় অভিজ্ঞতা:
সরকারি খাতের আবেদনকারীদের ক্ষেত্রে বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এছাড়া বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রার্থীদের ক্ষেত্রেও কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা এবং উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে কিংবা তদূর্ধ্ব পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, বেসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে তিন বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ প্রতিষ্ঠানে পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও চুক্তির মেয়াদ:
আবেদনকারীর বয়স ৭ অক্টোবর ২০২৬ তারিখে ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে সর্বোচ্চ ৬৫ বছর বয়সসীমা সাপেক্ষে চুক্তির মেয়াদ আরও দুই দফায় তিন বছর করে বাড়ানো যেতে পারে।

বেতন ও সুযোগ-সুবিধা:
নির্বাহী পরিচালক পদের মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা। এর পাশাপাশি মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া প্রদান করা হবে। এছাড়া বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া অনলাইন আবেদনব্যবস্থার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফি ৩ হাজার টাকা। এই ফি ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ অথবা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬।

বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।