দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। এর মধ্যে মারা গেছেন ৩৫৭ জন। আর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১৫ জন ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগের (সিটি এলাকার বাইরে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০, চট্টগ্রাম বিভাগে ১০৫, ময়মনসিংহ বিভাগে ৮০, রংপুর বিভাগে ৭২ ও সিলেট বিভাগে ১১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (দুই সিটির বাইরে) ১১ হাজার ১৫৩ জন। এরপর আছে খুলনা। উপকূলীয় এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯০৯ জন।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ঢাকার দক্ষিণ অংশে ডেঙ্গু নিয়ে মারা গেছেন ৯৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ জন মারা গেছেন খুলনা বিভাগে। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ৪৮, চট্টগ্রাম বিভাগে ৩২, বরিশালে ২৮, ময়মনসিংহে ২৭ জন এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ২৪, রাজশাহীতে ২৩, রংপুরে ৭ ও সিলেট বিভাগে মারা গেছেন ৪ জন।