টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ‘যমুনা এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা সুপারভাইজার ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ৩ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।