নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় সাধারণ গ্রাহকদের আর্থিক চাপ কিছুটা লাঘব করতে ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষ সুপারশপ ইউনিমার্ট। এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি সাড়ে তিন হাজারেরও বেশি নিত্যপণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করেছে, যাতে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। নিজেদের পরিচালন ব্যয় হ্রাস করা, সরাসরি পণ্য সংগ্রহ এবং নিজস্ব মুনাফার অংশ কমিয়ে এনে গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা নিশ্চিত করেছে ইউনিমার্ট।

সম্প্রতি প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে।

এই উদ্যোগের প্রেক্ষাপট ব্যাখ্যা করে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় ব্যয়ের বিষয়টি প্রতিটি পরিবারের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রাহকদের পাশে থাকার অর্থ শুধু মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা নয়, তাঁদের দৈনন্দিন ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টাও করা।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বিস্তারিত জানানো হয়েছে যে, এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইউনিমার্ট তাদের অভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে। দৈনন্দিন কার্যক্রমে অপ্রয়োজনীয় খরচ ও অপচয় কমিয়ে আনার পাশাপাশি বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আউটলেটগুলোতে প্রাকৃতিক আলোর ব্যবহার বৃদ্ধি করা হয়েছে এবং শীতাতপনিয়ন্ত্রণ-ব্যবস্থা পরিমিতভাবে পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইউনিমার্ট আরও উল্লেখ করেছে যে, তারা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা কমিয়ে সরাসরি পণ্য সংগ্রহের প্রক্রিয়া জোরদার করেছে, যার ফলে সামগ্রিক ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ায় পণ্য সংগ্রহের খরচ কমার পাশাপাশি পণ্যের গুণগত মান ও বিশুদ্ধতা নিশ্চিত করার সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে। পণ্য সংগ্রহ থেকে শুরু করে সংরক্ষণ এবং চূড়ান্ত বিক্রয় পর্যন্ত প্রতিটি ধাপে মান বজায় রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।