বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) তাদের সম্প্রতি অনুষ্ঠিত একটি লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। গত ১৭ অক্টোবর প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ এই পদক্ষেপের কথা জানিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের ঘটনায় যখন পুরো দেশ আলোড়িত, ঠিক সেই সময়েই সরকারি চাকরির পরীক্ষায় এমন অনিশ্চয়তা আবারও সামনে নিয়ে এল।

বিআইডব্লিউটিসির ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সহকারী ভান্ডার রক্ষকসহ মোট ৪৮টি পদের জন্য প্রায় ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর চলতি বছরের ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ফলাফলও প্রকাশ করা হয়েছিল। তবে সম্প্রতি জারি করা নতুন নোটিশে জানানো হয়েছে, পূর্বের ফলাফল ‘অনিবার্য কারণবশত’ বাতিল করা হলো এবং প্রার্থীদের পুনরায় লিখিত পরীক্ষা নেওয়া হবে।

তবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর তা কেন বাতিল করা হলো, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

ফলাফল বাতিলের প্রকৃত কারণ জানতে চাওয়া হলে বিআইডব্লিউটিসির চিফ পার্সোনেল ম্যানেজার ও পরীক্ষা কমিটির সদস্যসচিব ফজলে রাব্বি মুক্তকণ্ঠকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই পরীক্ষা বাতিল করেছি।’ কোনো নির্দিষ্ট অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু না বলে তিনি আগামী রোববার যোগাযোগ করার পরামর্শ দেন।

সংস্থার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা পরীক্ষায় বাদ পড়েছিলেন, তাদের জন্য পুনরায় লিখিত পরীক্ষা আয়োজন করা হবে এবং পরীক্ষার তারিখ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে এই পরীক্ষা ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি। বারবার নিয়োগ পরীক্ষা বাতিল এবং অনিশ্চিত নোটিশের কারণে চাকরির প্রস্তুতি নেওয়া হাজার হাজার তরুণ এখন তীব্র মানসিক ও আর্থিক চাপের মুখে পড়েছেন।