বাংলাদেশের নৌ পরিবহন খাতের আধুনিকায়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং সাশ্রয়ী প্রযুক্তির প্রসার ঘটাতে রাজধানী ঢাকায় 'মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গুলশানের রেনেসাঁ হোটেলে এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিন সিস্টেম এশিয়া (এমএইচআইইএসএ)-এর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে নৌ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এতে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির মতো নিয়ন্ত্রক ও পরিবহন সংস্থা, বন্দর কর্তৃপক্ষ, জাহাজ নির্মাতা, ড্রেজার ও মাছ ধরার জাহাজের মালিক, নকশা ও প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান, ক্ল্যাসিফিকেশন সোসাইটি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস দেশের নৌ খাতের সামগ্রিক অগ্রগতিতে এসিআই-এর দীর্ঘমেয়াদি অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসিআই মেরিনের উপদেষ্টা কমোডর রাজীব ত্রিপুরা তার বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের সরকারি ও বেসরকারি উভয় খাতেই মিতসুবিশি মেরিন ইঞ্জিনের চাহিদা এবং সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইঞ্জিনটির পরিচালনাগত সুবিধার কথা উল্লেখ করে তিনি খাতসংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।
মেরিন হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম এসিআই মেরিনের উল্লেখযোগ্য অর্জনের প্রশংসা করেন। দেশের বাজারে মিতসুবিশি ইঞ্জিনের মান ও সুনামের কথা তুলে ধরে তিনি ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান।
সেমিনারের এক পর্যায়ে এসিআই মেরিনের পক্ষ থেকে একটি উপস্থাপনার মাধ্যমে এসিআই লিমিটেড ও এসিআই মেরিনের সামগ্রিক পরিচিতি, ব্যবসায়িক কার্যক্রম, সক্ষমতা এবং বাংলাদেশের মেরিন খাতে এসিআই মেরিনের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য মেরিন সমাধান প্রদানে এসিআই মেরিনের প্রতিশ্রুতির বিষয়টিও উপস্থাপন করা হয়।
সেমিনারের মূল অধিবেশনে এমএইচআইইএসএর প্রতিনিধি প্রতিষ্ঠানটির সামগ্রিক সক্ষমতা, মিতসুবিশি মেরিন ইঞ্জিনের বিস্তৃত পণ্যের সমাহার, আধুনিক প্রযুক্তি, বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য ও কার্যক্ষমতা, দীর্ঘ মেয়াদে ব্যয় সাশ্রয়ের সুবিধা (টোটাল কস্ট অব ওনারশিপ বা টিসিও) এবং প্রতিষ্ঠানটির বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।
পরবর্তী পর্বে মিতসুবিশি গ্লোবাল সার্ভিস সেন্টারের (জিএসসি) প্রতিনিধি প্রতিষ্ঠানটির সার্ভিস নেটওয়ার্ক, ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ও ওয়ারেন্টি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।