দেশের প্রশাসনিক কাঠামোর উচ্চপদে বড় ধরনের রদবদল করা হয়েছে। মোট ১০ জন কর্মকর্তার দপ্তর পরিবর্তন, পদোন্নতি এবং সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন এই রদবদলের ফলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এখন থেকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পদোন্নতির মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামান। অন্যদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বর্তমান সচিব বিলকিস জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়েছে। তাঁর শূন্য পদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) রেক্টর করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।