ইন্টারপোলের বিশেষ সহায়তায় কাতারের দোহায় গ্রেপ্তার হওয়া সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সাইদুর রহমান বলেন, ‘শনিবার (১৭ অক্টোবর) আনঅফিসিয়ালি বিষয়টি জানার পর রোববার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতার ও দোহায় ইন্টারপোল কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে অবস্থিত এনসিবি (NCB) শাখার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
সাবেক এই বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সচিব জানান, ‘শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থপাচার করেছেন। এসব অভিযোগে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় গত বছরের ২৭ জুলাই ঢাকা-১ কার্যালয়ে মামলা দায়ের করা হয়।’
মামলার প্রেক্ষিতে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে আদালতের নির্দেশ অনুযায়ী শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে অবরুদ্ধ করা হয়েছে এবং রিসিভার নিয়োগ করা হয়েছে। এছাড়া তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
দুদক সূত্রে আরও জানা গেছে, শেখ আব্দুল হান্নানের বিভিন্ন দেশে থাকা সম্পত্তির বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি পাঠানো হয়েছে। আদালতের চূড়ান্ত আদেশ এবং কমিশনের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরপরই তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।