আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১৬ নভেম্বর থেকে। নির্ধারিত বিলম্ব ফি ছাড়াই এই ফরম পূরণ কার্যক্রম চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিস্তারিত তথ্য জানিয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন এবং বহিষ্কৃত পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েও যারা জিপিএ-৫-এর কম পেয়েছেন, তারা নিবন্ধনের মেয়াদ সাপেক্ষে জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। তবে এই সুযোগ পেতে হলে তাদের ২০২৬ খ্রিষ্টাব্দের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত অন্যান্য জরুরি নির্দেশনাগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

জিপিএ উন্নয়ন
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে জিপিএ-৫-এর কম পাওয়া পরীক্ষার্থীরা, যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ এখনো আছে, তারা ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশ নিতে পারবেন। এক্ষেত্রে তাদের ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। ২০২৭ সালের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল যদি পূর্বের চেয়ে ভালো হয়, তবে তা গ্রহণ করা হবে; অন্যথায় আগের জিপিএ-ই বহাল থাকবে। জিপিএ উন্নয়ন প্রত্যাশী পরীক্ষার্থীদের আগের পরীক্ষার প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি প্রিন্ট কপির সঙ্গে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত পরীক্ষার্থী
যেসব বহিষ্কৃত পরীক্ষার্থীর শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ এখনো বিদ্যমান, তারা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তাদের ক্ষেত্রেও সব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

চতুর্থ বিষয়ের সুবিধা
২০২৩-২৪ ও ২০২৪-২৫ সালের রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা যদি ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশ না নেন, তবে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।

এছাড়া ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সালের রেজিস্ট্রেশনধারী যেসব পরীক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছেন কিন্তু এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা ২০২৭ সালের পরীক্ষায় ওই অকৃতকার্য বিষয়গুলোতে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবেন।

পাঠ্যসূচি সংক্রান্ত নির্দেশনা
ক. অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবেন।
খ. নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশগ্রহণ করবেন।
গ. সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে এবং ব্যবহারিক ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

নির্বাচনী পরীক্ষা
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যেসব পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের ছাড়া বাকি সব শিক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

অনিয়মিত পরীক্ষার্থী সংক্রান্ত নিয়মাবলী
ক. ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৫ এবং ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তারা স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে কোনো অবস্থাতেই তাদের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।
খ. ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন; তবে তারা চাইলে সব বিষয়েও পরীক্ষা দিতে পারবেন।
গ. ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৬ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেননি অথবা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়গুলোতে অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। তবে আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবেন না।
ঘ. ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য আছেন, তারা বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশনের মেয়াদ কেবল এক বছরের জন্য নবায়ন করে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।

উপরোক্ত খ থেকে ঘ-এ বর্ণিত পরীক্ষার্থীদের পূর্বে উত্তীর্ণ বিষয়গুলোর প্রাপ্ত জিপি সংরক্ষিত থাকবে। ২০২৭ সালের পরীক্ষায় তারা যে বিষয়গুলোতে অংশগ্রহণ করবেন, সেই জিপি-র সাথে সংরক্ষিত জিপি যোগ করে চূড়ান্ত জিপিএ নির্ণয় করা হবে।

এছাড়া ঘ-এ উল্লিখিত রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফরম পূরণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে মূল রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিয়ে নবায়নকৃত রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।