সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামী শনিবার সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলবে। শারদীয় দুর্গাপূজার ছুটির সমন্বয় করার লক্ষ্যে আগামী শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংক আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন বন্ধ থাকবে। এর পরবর্তী দুই দিন যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে। উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতোই ব্যাংকগুলো খোলা রাখা হবে।
এর আগে ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তী দিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি প্রদান করায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির ঘোষণা দেওয়া হয়। এর সাথে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা। তবে ২২ অক্টোবরের এই ছুটির পরিবর্তে আগামী শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।