মাঠে বল হাতে ব্যাটসম্যানদের বোকা বানাতে হাসান মাহমুদের জুড়ি মেলা ভার। তাঁর বোলিং কারিকুরির সামনে অনেক ব্যাটারই অসহায় হয়ে পড়েন। সম্প্রতি শেষ টেস্টেও ফাইফারসহ ৬ উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে এবার মাঠের লড়াই নয়, বরং সতীর্থদের সাজানো এক অভিনব প্র্যাংকে নিজেই বোকা হয়ে গেলেন এই তারকা পেসার। আর সেই ঘটনায় হাসানের যে প্রতিক্রিয়া, তা ছিল দেখার মতো।

ঘটনার শুরুটা ছিল বেশ গম্ভীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ হাসান মাহমুদের সাথে কথা বলছেন। ভিডিওতে মুশতাক আহমেদকে বলতে শোনা যায়, ‘হাসান, তোমার বোলিং দারুণ হচ্ছে। পারফরম্যান্সও ভালো। কিন্তু সোহেল ভাইয়ের (টিম বয় সোহেল হোসেন) সঙ্গে তোমার আচরণ ঠিক হয়নি। কিছু প্রশ্ন করার ধরনও ছিল ভুল।’ এই কথাগুলো শোনার সাথে সাথেই হাসানের মুখের হাসি যেন মুহূর্তেই মিলিয়ে গেল।

এরপরই শুরু হয় আসল নাটক। মুশতাক আহমেদ আরও গম্ভীর হয়ে বললেন, ‘তোমার আচরণে সোহেল ভাই খুব মন খারাপ করে আছেন। কী হয়েছে, তা জানা নেই। তবে দলগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাই সোহেল ভাইকে ডেকে আনতে হবে।’

কোচের এমন কথা শুনেই শুরু হয়ে গেল হাসানের চরম দুশ্চিন্তা। তিনি মনে করতে শুরু করলেন তিনি ঠিক কী করেছিলেন বা এমন কী বলে ফেলেছিলেন যার ফলে ‘সোহেল ভাই’ মন খারাপ করলেন। হাসান যখন নিজের ভুল খোঁজার চেষ্টা করছিলেন, তখন পর্দার আড়ালে চলছিল অন্য এক খেলা। পুরো বিষয়টি ছিল পূর্বপরিকল্পিত। হাসান মাহমুদের জন্মদিনের চমক দিতেই সতীর্থরা এই মহাপরিকল্পনা সাজিয়েছিলেন এবং সেই পরিকল্পনার সবচেয়ে বড় শিকার হয়ে পড়লেন খোদ হাসানই।

অবশেষে রহস্যের পর্দা খুলে গেল। গম্ভীর মুখগুলো হঠাৎ করেই হাসিতে ভরে গেল এবং চারদিক থেকে ভেসে এল শুভেচ্ছার রোল। সবাই একসুরে বলে উঠলেন, ‘হ্যাপি বার্থ ডে!’

হঠাৎ এই পরিবর্তনে হাসান তখনো পরিস্থিতি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। অবাক হয়ে তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘আমি ভাবছিলাম, আমি আবার কী করলাম!’

হাসানের এই একটি কথাতেই যেন পুরো প্র্যাংকটির সার্থকতা ফুটে উঠেছে। জন্মদিনের আনন্দ আয়োজন করতে গিয়ে তাঁকে এমন এক মানসিক চাপে ফেলা হয়েছিল যে, তিনি নিজের অপরাধ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

পুরো ঘটনার সমাপ্তি ঘটে খাওয়াদাওয়া ও আনন্দ উৎসবের মাধ্যমে। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের এই নিখুঁত অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। তবে প্রশংসা প্রাপ্য দলের বাকি সদস্যদেরও। কারণ মুশতাক আহমেদের কথা বলার সময় সবাই যেভাবে গম্ভীর মুখে বসে ছিলেন, তা দেখে যে কেউ ভয় পেয়ে যেতেন।

গত ১২ অক্টোবর ছিল হাসান মাহমুদের জন্মদিন। সেই জন্মদিন উদযাপনের বিশেষ ভিডিওটি গতকাল রাতে বিসিবি তাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে।