নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজার এলাকায় একটি বাড়ির পেছনে নালার পাশে এক নবজাতক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে জেলা সদরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশগঞ্জ বাজারের বস্তাগলি এলাকায় সমীর সুরের বাসার পেছনে নালার পাশে মাটিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। শিশুটির কান্নার শব্দ শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। তাঁরা শিশুটিকে কোলে তুলে নেন এবং বিষয়টি চৌমুহনী পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স এক দিন। কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত চলছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. সাফায়েতের বরাত দিয়ে হাসপাতালের এক চিকিৎসা সহকারী মুক্তকণ্ঠকে জানান, নবজাতকটিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর শিশু রোগে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন দেখা দেয়। এই বিশেষ প্রয়োজনে তাকে জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাজিব উদ্দিন চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।”