জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে গতকাল বুধবার দলটির মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির কথা জানানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সামদানী। রাত আটটার দিকে মুক্তকণ্ঠকে তিনি বলেন, ঘটনার সময় তিনি কুমিল্লা টাওয়ার হাসপাতালে তাঁর অসুস্থ বাবার সঙ্গে ছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা শহরের মোগলটুলী এলাকার ফারুকিয়া হাউজিংয়ে জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। জামায়াতের মহানগর কমিটি গঠন ও আমির নির্বাচন নিয়ে দলটির অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে নেতাদের একাংশের ভাষ্য। ওই সময় কার্যালয়ের ভেতরে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুমসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের অনুসারী নেতা-কর্মীদের একাংশ বৈঠক চলাকালে হট্টগোল করেন বলে দলের একাংশের নেতাদের অভিযোগ। পরে তাঁরা কার্যালয় থেকে বেরিয়ে এলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা জামায়াত নেতাদের অভিযোগ, সামদানী ওই ঘটনায় অংশ নেন।

‘আমি শিবির করে বড় হয়েছি, এখন আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে’

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে সাদা কাপড় বাঁধা এক ব্যক্তি ভারী কিছু দিয়ে জামায়াতের মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িতে আঘাত করছেন। গাড়িটির চারপাশে ঘুরে ঘুরে তিনি আঘাত করেন। এ সময় কয়েকজন তাঁকে থামানোর চেষ্টা করলেও তিনি গাড়ির কাচ ভাঙতে থাকেন।

কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল আজ রাত পৌনে ৯টার দিকে মুক্তকণ্ঠকে বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এবি পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে আমাদের কার্যালয়ের আঙিনায় থাকা মহানগর জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে। তাঁর দলের নেতারাও তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। এ জন্য তাঁকে এবি পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

কামারুজ্জামান আরও বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়টি কেন্দ্রীয় কমিটি দেখছে। কুমিল্লা মহানগর জামায়াতের বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন।’

মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের অনুসারী নেতা-কর্মীদের একাংশ বৈঠক চলাকালে হট্টগোল করেন বলে দলের একাংশের নেতাদের অভিযোগ। পরে তাঁরা কার্যালয় থেকে বেরিয়ে এলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা জামায়াত নেতাদের অভিযোগ, সামদানী ওই ঘটনায় অংশ নেন।

এসব অভিযোগের বিষয়ে এমদাদুল হক মামুনের বক্তব্য পাওয়া যায়নি। বুধবার রাতে ও বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

সামদানী আগে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি এবি পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং কুমিল্লা মহানগর ইনকিলাব মঞ্চেরও আহ্বায়ক।

বৃহস্পতিবার রাতে মুক্তকণ্ঠের কাছে গোলাম মোহাম্মদ সামদানী দাবি করেন, বুধবার সন্ধ্যায় তিনি কুমিল্লা টাওয়ার হাসপাতালে ছিলেন। তাঁর বাবা স্ট্রোক করায় তাঁকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। প্রথমে হাসপাতালের পুরোনো ভবনের তৃতীয় তলায় এবং পরে নতুন ভবনে পরীক্ষা-নিরীক্ষার জন্য যান। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত তিনি হাসপাতালেই ছিলেন বলে দাবি সামদানীর।

সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি তিনি ছিলেন—এমন অভিযোগের বিষয়ে সামদানী বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত থাকলে তাঁকে তাৎক্ষণিকভাবে আটকানো বা জিজ্ঞাসাবাদ করা হলো না কেন। তাঁর দাবি, জামায়াতের অভ্যন্তরীণ বিরোধের ঘটনায় তাঁকে জড়ানো হচ্ছে।

সামদানী আরও বলেন, দীর্ঘদিন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁকে বিভিন্ন মামলার মুখোমুখি হতে হয়েছে। এখন সেই সংগঠনের লোকজনই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলে তিনি দাবি করেন। সামদানী বলেন, ‘আমি ছাত্রশিবির করে বড় হয়েছি। আমার বাবা ছাত্রশিবির করার জন্য একটা চোখ হারিয়েছে। সেই সংগঠন এখন আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে।’

পদ থেকে অব্যাহতি, শোকজ দেওয়া হবে

বৃহস্পতিবার বিকেলে এবি পার্টির কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, জামায়াতের মহানগর কার্যালয়ের ঘটনায় গোলাম মোহাম্মদ সামদানীর সম্পৃক্ততার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর তাঁদের নজরে এসেছে। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিষয়টি অবগত হয়েছেন। তথ্য-উপাত্ত সংগ্রহ করে দলীয় শৃঙ্খলা কমিটিতে উপস্থাপনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই পোস্টে মিয়া মোহাম্মদ তৌফিক আরও বলেন, জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে সৃষ্ট জটিলতায় এবি পার্টির কুমিল্লা মহানগর ও জেলা শাখা কোনোভাবেই সম্পৃক্ত নয়। কেউ ব্যক্তিগত সিদ্ধান্তে এমন কিছু করে থাকলে তার দায় দল বহন করবে না।

এরপর সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোলাম মোহাম্মদ সামদানীকে কুমিল্লা মহানগর আহ্বায়কের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হবে।

এদিকে জানতে চাইলে রাত নয়টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার মুক্তকণ্ঠকে বলেন, জামায়াতের কার্যালয়ে বুধবারের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।