সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকার একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে চুরি হওয়া ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহন ও গণেশের মূর্তি এবং পূজার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রাম থেকে মূর্তি ও সামগ্রীগুলো উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) শেষরাতে সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়ার সরকারি মহিলা কলেজ রোডের ৪১ নম্বর বাসার মন্দিরের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরটি প্রয়াত বিনোদ লাল চক্রবর্তীর ছেলে রাজ গোবিন্দ চক্রবর্তীর।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি ওজনের ২ ফুট উচ্চতার মদনমোহন ও ১৫ কেজি ওজনের ১ ফুট উচ্চতার রাধার মূর্তি, ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি গণেশ মূর্তি, একটি সোনার চেইন, একটি রূপার বাঁশি, তিনটি সোনার চূড়া, পুরোনো কাঁসার বাসন, পূজার তৈজসপত্র এবং বাসারসংলগ্ন স্টেশনারি দোকানের নগদ ১৫-২০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল।

ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের হাছননগর এলাকা থেকে এক সন্দেহভাজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই কিশোরগঞ্জ থেকে মূর্তি ও কাঁসার বাসন উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি।

মন্দিরটির মালিক রাজগোবিন্দ চক্রবর্তী জানান, বুধবার শেষরাতে আমাদের পারিবারিক মন্দিরের তালা ভেঙে মূর্তি ও স্বর্ণ-রুপার অলংকারসহ অন্যান্য সামগ্রী চুরি হয়। পুলিশ কিশোরগঞ্জ থেকে মূর্তি ও অনেকগুলো বাসন উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বুধবার রাতে বাঁধনপাড়ার একটি মন্দিরের তালা ভেঙে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যানুযায়ী কিশোরগঞ্জ থেকে মূর্তি ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।