রাঙামাটির অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে আগামী শুক্রবার (১৬ অক্টোবর) থেকেই পর্যটকরা পুনরায় নিরাপত্তা নিশ্চিত করে এবং নির্ধারিত নিয়মাবলী মেনে সাজেক ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসন গত ১১ অক্টোবর যে নির্দেশনা জারি করেছিল, তা পরিবর্তন করে এখন সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য পুনরায় উন্মুক্ত করা হলো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান সার্বিক অবস্থা এবং ভ্রমণপিপাসু পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের ফলে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত স্থানীয় ব্যবসায়ী এবং পরিবহন সমবায়গুলোর দীর্ঘদিনের স্থবিরতা কেটে পুনরায় গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি পুনরায় পর্যালোচনা করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন। তিনি বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এতে পর্যটন খাতের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাই বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।”

উল্লেখ্য যে, পার্বত্য অঞ্চলের দুটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক এলাকায় অবরোধ ঘোষণা করা হয়েছিল। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয় এবং পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে জেলা প্রশাসন সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ বন্ধ ঘোষণা করে। তবে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আগামী ৬ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেয় স্থানীয় সংগঠন দুটি। এই ঘোষণার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।