বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়নের মৎস্যজীবী লীগের পদ থেকে আজীবনের জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ গিয়াস বালী (৬৫)। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টিতে (বিএনপি) যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কচুয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এই ঘোষণা দেন গিয়াস বালী। তিনি উপজেলার টেংরাখালী গ্রামের মৃত জলিল বালীর পুত্র।

সংবাদ সম্মেলনে গিয়াস বালী বলেন, “তিনি স্বেচ্ছায় ও ব্যক্তিগত সিদ্ধান্তে মৎস্যজীবী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতির পদসহ সংগঠনটির সব পর্যায়ের পদ ও সাংগঠনিক কার্যক্রম থেকে আজীবনের জন্য সরে দাঁড়াচ্ছেন।” তিনি আরও জানান, এই দিন থেকে সংগঠনটির কোনো পদ-পদবি বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকবে না।

নিজের এই সিদ্ধান্তের পেছনে কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। এ কারণে মৎস্যজীবী লীগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে গিয়াস বালী বলেন, “ভবিষ্যতে বিএনপিতে যোগদানের ইচ্ছা রয়েছে তার। উপযুক্ত সময়ে দলটির নীতি, আদর্শ ও রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি।”