মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা একজন ব্যক্তির সামগ্রিক জীবনযাত্রায় গভীর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে ঘুমের অনিয়ম, দৈনন্দিন রুটিনের বিশৃঙ্খলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিচর্যায় অবহেলা, মনোযোগের অভাব, সিদ্ধান্ত গ্রহণে জড়তা এবং পড়াশোনা বা পেশাগত কর্মদক্ষতার অবনতি ঘটে। এর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রেও ব্যক্তি পিছিয়ে পড়েন। তাই আধুনিক মানসিক স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য কেবল রোগের উপসর্গগুলো কমিয়ে আনা নয়, বরং রোগীকে পুনরায় তাঁর স্বাভাবিক, স্বনির্ভর এবং অর্থপূর্ণ জীবনযাত্রায় ফিরিয়ে আনা। আর এই পুনর্বাসন প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে অকুপেশনাল থেরাপি।

মূলত অকুপেশনাল থেরাপি হলো একটি বিজ্ঞানভিত্তিক বিশেষ চিকিৎসাসেবা। শারীরিক কিংবা মানসিক অসুস্থতার কারণে মানুষের জীবনে যে প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা তৈরি হয়, তা কমিয়ে দৈনন্দিন পেশাগত ও অর্থবহ কাজগুলো পুনরায় সক্রিয় করে তোলাই এই থেরাপির প্রধান উদ্দেশ্য।

একজন দক্ষ অকুপেশনাল থেরাপিস্ট প্রথমে রোগীর সঠিক মূল্যায়ন করেন। এরপর ব্যক্তির প্রয়োজন, বর্তমান সক্ষমতা এবং জীবনযাপনের ধরনের ওপর ভিত্তি করে বিশেষ কিছু কার্যক্রম ও থেরাপিউটিক কৌশল নির্ধারণ করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে রোগীর দৈনন্দিন দক্ষতা, আত্মনির্ভরতা, মনোযোগের ক্ষমতা, সামাজিক অংশগ্রহণ এবং কর্মদক্ষতা পর্যায়ক্রমে উন্নত করতে সহায়তা করা হয়।

মানসিক স্বাস্থ্য চিকিৎসায় অকুপেশনাল থেরাপির বহুমুখী ভূমিকা নিম্নরূপ:

সেন্সরি ইন্টিগ্রেশন: এর মাধ্যমে বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য মস্তিষ্ক সঠিকভাবে গ্রহণ ও সমন্বয় করতে পারে, যা পরিবেশের প্রতি উপযুক্তভাবে সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করে।

ফাইন মোটর দক্ষতা: হাত ও আঙুলের সূক্ষ্ম ও সমন্বিত দক্ষতা বৃদ্ধিতে এই থেরাপি কাজ করে, যার ফলে লেখা, আঁকা কিংবা পোশাকের বোতাম লাগানোর মতো কাজগুলো সহজ হয়।

দৈনন্দিন কাজ ও নিজের যত্ন: খাবার তৈরি করা, খাওয়া, পোশাক পরা, গোসল এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মতো নিত্যদিনের কাজে সক্ষমতা বৃদ্ধি পায়।

রুটিন ব্যবস্থাপনা: জীবনযাত্রায় শৃঙ্খলা আনা এবং স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন মেনে চলার অভ্যাস গড়ে তোলা হয়।

প্ল্যানিং দক্ষতা: মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নত করা, পরিকল্পনা প্রণয়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং জটিল সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

মানসিক চাপ নিয়ন্ত্রণ: চাপ ও উদ্বেগ মোকাবিলার জন্য কার্যকর কৌশল ও পদ্ধতি শেখানো হয়।

আত্মবিশ্বাস বৃদ্ধি: ব্যক্তির আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বৃদ্ধিতে এই থেরাপি বিশেষ সহায়ক।

সামাজিক অংশগ্রহণ: পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করা হয়।

শিক্ষা ও কর্মজীবন: ব্যক্তির সক্ষমতা অনুযায়ী পড়াশোনা পুনরায় শুরু করা, কর্মদক্ষতা বাড়ানো এবং কর্মজীবনে পুনরায় ফেরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা হয়।

তথ্যসূত্র: ফারহানা হক, সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট অ্যান্ড ইনচার্জ, মেন্টাল হেলথ দে-সেন্টার, সিআরপি, মিরপুর, ঢাকা।