শারদীয় দুর্গোৎসবের আনন্দ উদ্যাপনে যাত্রীসাধারণের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়ে এই বিশেষ সেবা চলবে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পূজার দিনগুলোতে সড়কপথে সাধারণ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ সেবার নামকরণ করা হয়েছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’। এই সার্ভিসের টিকিট আগামী শুক্রবার থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম বিক্রি করা হবে।
সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো বড় উৎসবগুলোতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ নামে বিশেষ বাস সেবা চালু করে বিআরটিসি। এবার দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে সড়কপথে যাত্রীদের ভিড় অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করেই সড়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিশেষ সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ সেবার জন্য বিআরটিসি মোট ২০০টি বাস নির্ধারণ করেছে। এতে শীতাতপনিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা—সব ধরনের বাস অন্তর্ভুক্ত থাকবে। তবে যাত্রীচাহিদা আরও বৃদ্ধি পেলে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআরটিসি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ সেবার অধিকাংশ বাসই রাজধানী ঢাকার বিভিন্ন ডিপো এবং গাজীপুর থেকে ছেড়ে যাবে। এই বিশেষ বাসগুলো রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের জন্য কিছু বিশেষ বাস সার্ভিস চালু করা হবে।
যাত্রীদের সুবিধার্থে বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে বলে জানানো হয়েছে।
‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’-এর সেবা গ্রহণ বা এই সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২ এবং মোবাইল নম্বর ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯ দেওয়া হয়েছে।
বিআরটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শুকদেব ঢালী মুক্তকণ্ঠকে বলেন, “বিআরটিসি নিয়মিতভাবে ২০০–এর বেশি রুটে বাস পরিচালনা করে। নিয়মিত বাসের বাইরে পূজার বিশেষ বাস পরিচালনা করা হবে। লম্বা ছুটির কারণে সড়কে চাপ হতে পারে—এই বিবেচনায় সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকেই বিশেষ সেবা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।”