সরকারি চাকরির প্রত্যাশীদের জন্য বড় সুযোগ নিয়ে এল শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত কারখানা ও কার্যালয়গুলোতে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন শূন্য পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক হিসেবে যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়সীমা ১২ নভেম্বর ২০২৬।

পদের বিস্তারিত বিবরণ, সংখ্যা ও বেতন কাঠামো নিম্নরূপ:

১. ৯ম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা):
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ২২টি, নিরাপত্তা কর্মকর্তা পদে ৩টি (এই পদের জন্য সর্বোচ্চ বয়স ৩৮ বছর এবং অভিজ্ঞতা প্রয়োজন), হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা পদে ২৫টি, সহকারী প্রোগ্রামার পদে ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রিয়) পদে ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) পদে ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা পদে ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) পদে ৩টি শূন্যপদ রয়েছে।

২. ১০ম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা):
সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে ১টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর এবং অভিজ্ঞতা প্রয়োজন), সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা পদে ৩১টি, সহকারী অপারেশন অফিসার পদে ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদে ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) পদে ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৩টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও সিজিপিএ সংক্রান্ত শর্তাবলি:
আবেদনকারীকে পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

নবম গ্রেডের ক্ষেত্রে: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদের জন্য শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে, সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক, পুর) এবং কারিগরি কর্মকর্তা পদের জন্য শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না।

দশম গ্রেডের ক্ষেত্রে: এই গ্রেডের সব পদের (সহকারী প্রশাসনিক, সহকারী নিরাপত্তা, সহকারী হিসাব/অর্থ, সহকারী অপারেশন, সহকারী বাণিজ্যিক, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী) জন্য শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য হবে না।

সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলি:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে। একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তাঁদের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ৩ বছর বাধ্যতামূলকভাবে চাকরি করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রার্থীরা www.bcic.gov.bd অথবা http://bcic.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। সফলভাবে আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ফি নির্ধারিত করা হয়েছে ৫৬ টাকা।

আবেদনের সময়সূচি:
অনলাইনে আবেদন শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।