দীর্ঘ প্রায় এক মাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে পৌঁছান। এই বিদেশ সফরে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস এবং পুত্র মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকর্মীদের জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ বোধ করছেন।

উল্লেখ্য যে, গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছিলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। সেখানে তিনি প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ প্রায় পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর তিনি প্রথমবার দেশে ফিরেছিলেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তঃক্ষরণ হয়েছে। এরপর দ্রুত অস্ত্রোপচারের পর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা শেষে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।