বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের নেতৃত্বে এই প্রতিনিধিদলটি গত ৮ অক্টোবর দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বারোপ করে বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা। দেশের বর্তমান প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। রাষ্ট্রপতি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরেও অসংখ্য গ্র্যাজুয়েট বের হচ্ছে, তারপরও কেন দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর ও বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী আনতে হবে”।

বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক কার্যক্রমের বিস্তারিত বিবরণ প্রদান করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টিতে একটি নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে, যার মাধ্যমে গবেষকদের উদ্ভাবিত বিষয়গুলোর পেটেন্ট অধিকার নিশ্চিত করা হয় এবং সেগুলোর বাণিজ্যিকীকরণে সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার লক্ষ্যে গবেষণা, প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করছে। এসব কার্যক্রমের ফলেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ক্রমাগত এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের এই অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি শিক্ষার মান বজায় রেখে তা আরও সমুন্নত রাখার আহ্বান জানান।

প্রতিনিধিদলটিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম কবির, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ইমরান হোসেন, সহ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাসুম ইকবাল, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার মোহাম্মদ নাদির বিন আলী প্রমুখ।

সাক্ষাৎকার চলাকালীন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।