শেরপুরের ঝিনাইগাতীতে নির্মাণকাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ স্থানীয় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল মিয়া (২৫)। তিনি ঝিনাইগাতীর গরুহাটি এলাকার মুসলিম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল মিয়া প্রতিদিনের মতো বুধবারও আহমদনগর এলাকার হাসান স্যানিটারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে নির্মাণকাজ চলাকালীন তার হাতে থাকা জিআই তারের একটি অংশ অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। এর ফলে তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পাশে থাকা পুকুরে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তকণ্ঠকে বলেন, “এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”