ভারতের উত্তর প্রদেশে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্ত্রীর সঙ্গে কথা বলা বা ঝগড়া এড়াতে নিজের ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক ব্যক্তির। চলতি সপ্তাহে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় অবস্থিত সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির একটি ভবনে এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে হারষিত লাভানিয়া নামের ওই ব্যক্তি বিয়ে করেছিলেন। তবে পারিবারিক কলহের কারণে গত ছয় মাস ধরে তিনি স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছিলেন এবং একটি ভাড়া ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। ঘটনার দিন হারষিতের স্ত্রী তাঁর ফ্ল্যাটে এসে দরজায় কড়া নাড়েন। কিন্তু স্ত্রীর সঙ্গে পুনরায় তর্কাতর্কি হতে পারে—এমন আশঙ্কায় হারষিত দরজা খুলতে রাজি হননি।

হারষিতের স্ত্রী দরজার বাইরে থেকে তাঁকে অনবরত ডাকছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন। তবে হারষিত ভেতরেই থেকে যান এবং কথা বলতে অস্বীকার করেন। এরপর পরিস্থিতি সামাল দিতে এবং দরজা খোলার জন্য হারষিতের স্ত্রী আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন।

ঠিক সেই মুহূর্তেই হারষিত ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় নেমে পালিয়ে যাওয়ার এক দুঃসাহসিক চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পা পিছলে সরাসরি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।

আবাসিক এলাকার বাসিন্দারা দ্রুত সেখানে ছুটে এসে হারষিতকে উদ্ধার করেন এবং নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হারষিতের পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের ক্রমাগত ঝগড়ার কারণে তিনি চরম মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আবাসনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে।